কাপ্তাই প্রতিনিধি ॥
পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তিতে কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গা জোনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ৪১ বিজিবির উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে নয়টায় কাপ্তাই উপজেলা সদর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে ওয়াগ্গাছড়া জুম রেস্তোরাঁয় এসে শেষ হয়। র্যালিতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁর সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কাপ্তাই ৪১ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল সাব্বির আহমেদ, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাই ৮ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক আল আমিন।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যেই শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিলো, তার ফলে আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে এবং পার্বত্য অঞ্চলে জীবনযাত্রার মান উন্নতি ঘটেছে।
এদিকে দিবসটি উপলক্ষে ৪১ বিজিবির উদ্যোগে ওয়াগ্গা রামছড়ি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর কাজী সামিউর রহমান এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। এইসময় ৫০ জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
