কাপ্তাই প্রতিনিধি ॥
মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলার দুইটি ইউনিয়নে আরোও ১১ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর।
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, এই ধাপে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় ১০টি এবং ওয়াগ্গা ইউনিয়ন এর শিলছড়িতে একটিসহ মোট ১১টি নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় হচ্ছে ২ লাখ ৮৪ হাজার ৫ শত টাকা।
এদিকে সোমবার দুপুরে চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন। এসময় চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য উক্যসাই মারমা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এই ঘর নির্মাণ করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী একটি মানুষও গৃহহীন না থাকে। অতি দ্রুত ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান ।
