মাহমুদুল হাসান, বাঘাইছড়ি
বাঘাইছড়ি উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীনদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রুমানা আক্তার।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ শরীফ উল্লাহ আবেদ এসজিপি, পদাতিক। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, পৌরসভার প্যানেল মেয়র ত্রিদিব দাশ, কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবীন ছাত্রদের ফুল দিয়ে বরণ, কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
