কাউখালী প্রতিনিধি ॥
কাউখালীর বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সড়ক দুর্ঘটনায় আহত আব্দুর রহমান মারা গেছেন। গত বুধবার স্কুল ছুটি শেষে সহপাঠিদের সাথে সিএনজি অটোরিক্সায় করে বাড়ি ফেরার পথে গুইয়াতল এলাকায় রাঙামাটি থেকে ছেড়ে আসা পাহাড়িকা বাসের সাথে তাদের বহনকারী সিএনজির সংঘর্ষ হয়। এতে আব্দুর রহমানসহ ৪জন আহত হয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত আব্দুর রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। চমেক হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৪ টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আব্দুর রহমান। তার মৃত্যুতে পুরো স্কুলজুড়ে শোকের ছায়া নেমে আসে।
আব্দুর রহমান কাউখালীর কলমপতি ইউনিয়নের ডাব্বুনিয়া ছাড়া এলাকার মোঃ মোস্তফার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ৯ম শ্রেণীর ছাত্র ছিলো বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম।
ময়না তদন্ত শেষে শনিবার বিকাল ডাব্বুনিয়া ছাড়া নিজ এলাকায় জানাযার কথা রয়েছে বলে জানা গেছে।
