কাউখালী প্রতিনিধি
রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে রমজান সওদাগর নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা এই দণ্ড দেন। অর্থদণ্ডে দণ্ডিত রমজান সওদাগর উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান সওদাগর দীর্ঘদিন ধরে পাহাড় কাটছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে আর পাহাড় কাটবেন না; মর্মে জরিমানার টাকা পরিশোধ করে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা জানান, পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে পাহাড় কাটবেন না; এই মর্মে রমজান সওদাগরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
