‘সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ করি। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।’ এই স্লোগানে রাঙামাটি কাউখালী উপজেলায় মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কাউট, রেডক্রিসেন্ট, শুভ সংঘসহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ করি এই স্লোগানে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদারের নেতৃত্বে জনসচেতনতামূলক র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা মাঠে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার বলেন, সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পরেছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের একটু সচেতনতা ও পরিচ্ছন্নতার মাঝেই তা রোধ করা সম্ভব। আসন্ন ঈদুল আজহায় যারা ঢাকা শহর ছেড়ে বাড়িতে আসছেন তাদের জ্বর হলেই অতিসত্বর ডাক্তারের নিকট পাঠাবেন। অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। আর যেসব গাড়ি ঢাকা থেকে রাঙামাটি আসবে সেসকল গাড়িতে উপজেলার প্রবেশমুখে মশা মারার ঔষদ ছিটিয়ে মশামুক্ত করে রাঙামাটিতে প্রবেশ করানো হবে।
