প্রান্ত রনি
পার্বত্য জেলা রাঙামাটিতে এক কলেজছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। মৃত কলেজছাত্রী পূর্ণিমা চাকমা (১৯) জেলার জুরাছড়ি উপজেলার ৪ নম্বর দুমদুম্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বগাখালি এলাকার সাধন চাকমার মেয়ে বলে জানা গেছে। পূর্ণিমা রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পূর্ণিমা চাকমা রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার দুপুর ১২টার দিকে পূর্ণিমা চাকমাকে চেতনাহীন অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান দুই নারী। হাসপাতাল আনার পর পরীক্ষানিরিক্ষা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত ঘোষণার পর হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা উধাও হয়ে যান বলে অভিযোগ উঠেছে। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন ছিলো।
এইসময় ব্যক্তিগত কারণে হাসপাতালে উপস্থিত থাকা এই প্রতিবেদক বিষয়টি তাৎক্ষনিক কোতয়ালি থানা পুলিশকে অবহিত করেন এবং দেখতে পান মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসা ‘অজ্ঞাত’ পরিচয়ধারি দুই প্রবীণ নারী ও মুখে মাস্ক পড়া একজন প্রবীণ পুরুষ নিজেদের মধ্যে ‘বচসা’য় লিপ্ত হন। তারা প্রথমে চিকিৎসকদের মেয়েটি ‘হঠাৎ জ্ঞান হারিয়ে’ ফেলার কথা জানালেও পরে নিজেরাই সটকে পড়েন !
এসময় এই প্রতিবেদককে তারা ‘মেয়েটি হঠাৎ অচেতন হয়েছে’ দাবি করে এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন এবং নিজেদের পরিচয়ও প্রদান করেননি। তবে মেয়েটি মাসখানেক ধরে তাদের বাসায় থাকে বলে জানিয়েছেন তাদের মধ্যকার একজন, বাকি দুজন থাকার সময়কাল ১০/১২ দিন হবে বলে দাবি করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, কলেজছাত্রীর মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল (শনিবার) মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘মৃতের ঘটনা নিয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ উদঘাটিত তবে। তবে ‘অস্বাভাবিক কিছু’ আছে বলে মনে হচ্ছে।
এদিকে মৃত পূর্ণিমা চাকমার সহপাঠীদের কয়েকজন জানিয়েছে, জুরাছড়ির মেয়ে হলেও পূর্ণিমা চাকমা পড়াশোনার সুবাধে রাঙামাটি জেলা শহরে বসবাস করতেন। সাম্প্রতিক সময়ে সে নতুন করে বাসা বদলানোর কথা বলতেন। তবে কী কারণে বা কিভাবে সে মারা গেছে এনিয়ে কেউ কিছুই জানাতে পারেননি।
নাম প্রকাশ না করার শর্তে মেয়েটির সহপাঠিরা আরো বলছেন, মেয়েটির সাথে ‘বড় কোন অন্যায়’ করা হয়েছে। সে যে বাসায় ভাড়া থাকত সেই বাসার মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে এবং তার মোবাইল কল রেকর্ড চেক করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেয়েটির কোন স্বজন এর সাথে কথা বলতে পারেনি পাহাড়টোয়েন্টিফোর ডট কম।
