রাঙামাটি চিফ জুডিসিয়াল আদালতে মামলার তিন মাসের মধ্যেই রায় প্রদানের মাধ্যমে আসামিকে সাজার ঘটনায় নজির স্থাপন করেছে। এতো কম সময়ে এর আগে তেমন একটা মামলার রায় হয়নি রাঙামাটির আদালতে।
আদালতের রায় পর্যালোচনা করে দেখা যায়, গত ১০ জুন রাঙামাটি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মোবাইল চুরি হয়। একই দিন ঐ শিক্ষার্থী রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে হাসপাতাল এলাকার বাসিন্দা রায়হান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে জুন মাসের ৩০ জুন রায়হানের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। আদালত সাত সাক্ষীর সাক্ষ্য ও মামলার যুক্তি তর্ক শেষে ৪ সেপ্টেম্বর রায় ঘোষণা করে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফের আদালত অভিযুক্ত রায়হান হোসেনকে প্যানেল কোড,১৮৬০ এর ৪১১ ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আট মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা ধার্য করে।
