নিজস্ব প্রতিবেদক ॥
দেশে করোনা পরিস্থিতি ফের অবনতি হওয়ায় সরকারের নির্দেশনার প্রেক্ষিতে রাঙামাটিতে ‘মাস্ক পরার অভ্যাস করি, করোনামুক্ত দেশ গড়ি’ এই স্লোগানে করোনা সংক্রামণ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে রাঙামাটি জেলা পুলিশ। রবিবার দুপুরে শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার ও বনরূপা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় পথচারীদের মাস্ক পরতে উৎসাহিত করার পাশাপশি মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, দেশে করোনা হার আবারো উর্ধ্বমুখী হওয়ার আইজিপি স্যারের নির্দেশনায় জেলার সকল উপজেলায় সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ(রবিবার) থেকে মাঠে নেমেছেন। তারই ধারাবাহিকতায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করা হবে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, এখন থেকে এই কর্মসূচি নিয়মিত চলবে। সাধরণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্য মাস্ক বিতরণ করা হচ্ছে।
