মিশু মল্লিক
রাঙামাটির করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে সর্বশেষ ২৪ ঘন্টায় আরো ৫১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন যার বেশিরভাগই রাঙামাটি সদরের। এখনো পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্ত হলো এদিন।
বেশ কিছুদিন যাবৎ রাঙামাটিতে করোনা রোগী শনাক্তের হার ছিল বেশ উর্দ্ধমুখী। গতকাল ১৪ই জুন ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের পজেটিভ আসে। সেই রেকর্ড ভেঙে বৃহস্পতিবার (১৫ জুলাই) ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনকে পজেটিভ পাওয়া যায়, যা এই বছরে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জন পজেটিভ হয়। যার মধ্যে সদরে ৩০ জন, কাপ্তাই উপজেলায় ১৬ জন, কাউখালী উপজেলায় ২ জন, লংগদুতে ১ জন, বিলাইছড়িতে ১ জন এবং নানিয়ারচরে ১ জন।
গত ৫ দিনে রাঙামাটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করেছে ৬০৯ জন, এরমধ্যে পজেটিভ এসেছে ১৬৮ জনের। রাঙামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১১৪ জন, সুস্থ হয়েছেন ১৬৮৭ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ২০ জন। সর্বশেষ মৃত্যু গত ৯ জুলাই, চট্টগ্রামে। এই পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১৪৩৭৭ জনের, যার মধ্যে নেগেটিভ এসেছে ১২২৬৩ জনের।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে যা মোটেও ভালো লক্ষণ নয়। জেলায় করোনা শনাক্তের হার ৩০.৯১ শতাংশ। লকডাউন থাকা সত্ত্বেও অনেকে স্বাস্থ্যবিধি মেনে না চলায় শনাক্তের হার যথেষ্ট উর্দ্ধমুখী।
রাঙামাটিতে এই পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৭৮৪০ জন, এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮,৮৮১ জন।
