করোনা উপসর্গ নিয়ে রাঙামাটি শহরের আইসোলেশনে মারা গেছেন রাঙামাটি পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর হেলাল উদ্দিনের মা মাসুদা খাতুন।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে কাউন্সিলর হেলালের মা মাসুদা খাতুনকে রাঙামাটি হাসপাতালে আনা হয়েছিলো। সেখান থেকে রাতে চম্পকনগরের আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতে মারা যান তিনি।
ডা: মোস্তফা জানান, তার শ্বাসকষ্টসহ যেসব উপসর্গ দেখা গেছে,তা করোনার উপসর্গ হিসেবেই মনে করছি আমরা। রাতেই তার নমুনা সংগ্রহ করা হবে এবং পরীক্ষার জন্য কাল চট্টগ্রামে পাঠানো হবে।
রাঙামাটির জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশ জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগ থেকে আইসোলেশনে থাকা একজন নারীর মারা যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। তার মৃতদেহ করোনা রোগিদের মতোই দাফন করা হবে,সেইভাবে প্রস্তুতি চলছে।
রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হিসেবে ১ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন মাসুদা খাতুনের পুত্র হেলালউদ্দিন। তিনি রিজার্ভবাজার ব্যবসায়ি সমিতিরও সাধারন সম্পাদক।
