বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের মহাজনঘোনা এলাকায় এক শ্রমজীবি যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তার বাড়িটি লকডাউন করে উপজেলা প্রশাসন। ফলে পরিবারের কোন সদস্য বাসার বাইরে যেতে পারছেন না। এই অবস্থায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন। উপহার হিসেবে তিনি নিজেই ওই করোনা আক্রান্ত রোগীর বাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, সদর ইউনিয়নের মহাজনঘোনা এলাকার বাসিন্দা মো: কালু কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে সরকারি নির্দেশনায় নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি পেশায় একজন শ্রমিক। শনিবার বিকেলে জানতে পারি ওই ব্যক্তির বাড়িতে বাজার নেই। এই সংবাদ পেয়ে বাজার থেকে তরিতরকারি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিজেই কিনে পৌঁছে দেন তিনি।
চেয়ারম্যান আবছার আরো জানান- করোনার সংক্রমণ ও লকডাউনের কারণে এমন অনেকে কাজকর্ম করতে পারছে না। এসব মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
