সামনেই আসছে বৈসাবি ও বাংলা নববর্ষ উৎসব। বৈসাবি উৎসবকে ঘিরে পার্বত্য তিন জেলার বিভিন্ন নৃ-গোষ্ঠীর সাধারণ মানুষ মেতে উঠে উৎসবে। পাহাড়িদের প্রধান এই উৎসবে থাকে নানান বৈচিত্র্যের অনুষ্ঠানমালা।
তবে এবার করোনা ভাইরাসের ঝুঁকির কারণে সাংগ্রাই জল উৎসবসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে মারমা সংস্কৃতি সংস্থা(মাসস)। বুধবার মাসস কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্লা প্রু সাইন মারমা সংবাদমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ‘মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর সামাজিক অনুষ্ঠান ‘সাংগ্রাই জল উৎসব’ পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে মহামারী আকারে করোনা ভাইরাসে অনেক লোক আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে। আমরা শোকাহত পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি এবং প্রত্যেকের শান্তি কামনা করছি। করোনা ভাইরাসের কারণে মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) এর পক্ষ থেকে কোন ধরনের সামাজিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গৃহীত হয়।’
