আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম.কফির উদ্দিনের অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, বান্দরবান পার্বত্য জেলা শাখা। গত বুধবার বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীর স্বাক্ষরিত পত্রে অব্যাহতির আদেশ প্রত্যাহারের এ তথ্য জানানো হয়েছে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম. কফিল উদ্দিনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীর স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, আওয়ামী লীগের স্বার্থে, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপস্থী কর্মকান্ডে সম্পৃক্তার জন্য ইতোপূর্বে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দিনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দিননের আবেদনের প্রেক্ষিতে গত ০৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বান্দরবান জেলা আওয়ামীলীগের কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের স্বার্থ পরিপন্থী না করার শর্তে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।
৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দিন বলেন, অব্যাহতির আদেশ প্রত্যাহার হওয়ায় আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বান্দরবান ৩০০নং আসনের সংসদ বাবু বীর বাহাদুর এমপিসহ জেলা আওয়ামীলীগের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
