নিজস্ব প্রতিবেদক ॥
কাপ্তাই হ্রদে প্রজনন মৌসুমে মৎস্য আহরণ, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধকালীন রাঙামাটির শহরের বনরূপা বাজারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৬৫ কেজি মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) রাঙামাটি জেলার কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
বিএফডিসি রাঙামাটি অফিসের সহকারি মার্কেটিং অফিসার মো. সোয়েব সালেহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবস্থাপক তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক আমরা বাজার মনিটরিং টিম বনরূপা বাজারে কড়া নজরদারিতে ছিলাম। বাজারের কাটাপাহাড় সংলগ্ন এক চায়ের দোকান থেকে চোরাকারবারিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এক দোকানের পিছনের পরিত্যক্ত স্থান এবং পরবর্তীতে এক বাসায় সঠিক তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৬৫ কেজি মাছ জব্দ করা হয়। এর মধ্যে ছিলো ১১ কেজি ওজনের ২টি মা কাতল, ১৩ কেজি ওজনের ১টি চিতলসহ বাচা, বাটা, আইড় ও চাপিলা মাছ। এসময় মাছ বিক্রেতা আমাদের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, হ্রদে মাছ শিকার বন্ধকালীন হ্রদের প্রজনন মৌসুমে মা-মাছ রক্ষায় বিএফডিসির অভিযান অব্যাহত থাকবে।
