এখনই পার্বত্য জেলা পরিষদগুলোতে ‘পরিবর্তনের কোন সম্ভাবনা নেই’ জানিয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রভাবশালী সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর জানিয়েছেন, ‘ জেলা পরিষদে পদলোভীরা পদে আসীন হতে পছন্দের লোকজন দিয়ে পরিবর্তনের গুজব ও নিজেদের নাম প্রচার করছে।’ শুক্রবার রাতে পাহাড়ের সবচে জনপ্রিয় অনলাইন দৈনিক,পাহাড়টোয়েন্টিফোর ডট কম কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন তিনি।
মুছা মাতব্বর আরো বলেন, পরিবর্তনের সময় এখনো হয়নি,যখন হবে তখন মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সব হবে। তিনি যাদের যোগ্য ও গ্রহণযোগ্য মনে করবেন,তাদের নেতৃত্বেই জেলা পরিষদ পুনর্গঠিত হবে। নিজের নামে নিউজ করিয়ে বা নিজের নাম প্রচার করে এবং তদ্বির করে কোন লাভ হবে না।’
তবে এখনই জেলা পরিষদে কোন পরিবর্তন আসছে না,নিশ্চিত করে প্রভাবশালী এই আওয়ামীলীগ নেতা আরো বলেন, ‘ বর্তমানে যে পরিষদ কাজ করে যাচ্ছে,তারা সবার প্রতিনিধিত্ব করছে এবং মোটামুটি ভালো কাজই করছে। তবুও যেকোন পরিবর্তন হতেই পারে। তবে তা হবে একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই। তিনি যখন চাইবেন তখনই হবে। তিনি ছাড়া আর কারো চাওয়া পাওয়ায় কিছু যায় আসেনা।’
