পাহাড়ে চলছে বৈসাবি উৎসব। সারা শহরে যখন বিজুরে আনন্দে মাতোয়ারা ঠিক তখন উৎসব বাদ দিয়ে ব্যতিক্রমী প্রতিবাদে রাজপথে নামলেন দুই নারী। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী নুসরাত হত্যাকারীদের শাস্তি দাবিতে ঘন্ট্যাব্যাপি প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি এই দুই নারীর। শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে চৈত্রের তীব্র তাপদাহ উপেক্ষা করে ঘন্ট্যাব্যাপি এই প্রতিবাদ পালন করেন এই দুই প্রতিবাদী নারী।
রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকার বাসিন্দা ত্রিশিলা চাকমা ও তার বন্ধু ঢাকা থেকে বেড়াতে আসা এডভোকেট প্রমা ইসরাত। প্রমা ইসরাত মূলত রাঙামাটিতে বিজু উপলক্ষে বন্ধু ত্রিশিলা চাকমা বাসায় বেড়াতে এসেছেন।
রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকার বাসিন্দা ত্রিশিলা চাকমা বলেন, আজকে আমাদের বিজুর পরও আমি আজকে এখানে দাঁড়িয়েছি নারীর নিরাপত্তার বিষয়টি এমন হয়েছে কোন উৎসবেই নারীরা নিরাপদ না। সব সময় নারীরা নির্যাতিত হচ্ছে। তাই বিজুর দিনেও আমরা প্রতিবাদ করতে দাঁড়িয়েছি।
ঢাকা জেলার আইনজীবি প্রমা ইসরাত বলেন, ফেনীর সোনাগাজীতে এক ছাত্রী নুসরাসকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল সে প্রতিবাদ করার কারণে পুড়িয়ে হত্যা করা হয়। আমরা সেই হত্যার প্রতিবাদে আজ এখানে দাঁড়িয়েছি। আমরা যদি একজনেও যদি এর প্রতিবাদ করতে শুরু করি, তাহলে সবাই আমাদের সাথে প্রতিবাদে সামিল হবে। এই প্রতিবাদের মাধ্যমে আমরা আমাদের দেশকে পরিবর্তন করতে পারবো।
