নিজস্ব প্রতিবেদক
ভর্তিচ্ছু হাজারো শিক্ষার্থীর পদভারের মুখরতায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি আরো চারটি উপকেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৫,২৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নেয় ৪,৯০০ জন। অংশগ্রহনের হার ৯৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র জিএসটি ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।
ড. কাঞ্চন চাকমা পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বলে, ‘মোটামুটি সবকিছুই ঠিকঠাক ছিলো। রাঙামাটির স্থানীয় প্রশাসন,আইনশৃংখলাবাহিনীসহ রাঙামাটির সর্বস্তরের জনসাধারনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সহযোগিতায় এই বিশাল ভর্তিযজ্ঞ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।’
ড. কাঞ্চন চাকমা জানিয়েছেন, ২২ টি বিশ্ববিদ্যালয়ের জন্য অনুষ্ঠিত এই গুচ্ছ ভর্তি পরীক্ষা ১৯ টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে একইসাথে।’
এদিকে ভর্তি পরীক্ষা ঘিরে মুখর ছিলো পুরো শহর। শুক্রবার বিকাল থেকেই শহরের বিভিন্ন হোটেল মোটেলে ভীড় জমে শিক্ষার্থীদের। শনিবার সকালে চট্টগ্রাম,খাগড়াছড়ি,বান্দরবানসহ রাঙামাটির প্রতিবেশি বিভিন্ন এলাকা থেকে বাস,মাইক্রো,কারসহ বিভিন্ন যানবাহন রিজার্ভ করে শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে দেখা যায়। বিকালে এই রিপোর্ট লেখার সময়ও শহরের বাস স্টেশনগুলোকে বাড়ি ফিরতে বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভীড় দেখা যায়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানাতে তৎপর ছিলো রাবিপ্রবি ছাত্রলীগ। বিভিন্ন কেন্দ্রে তাদের তৎপরতা ছিলো চোখে পড়ার মত। অন্যদিকে রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে ছাত্রদলের তৎপরতাও চোখে পড়ে।
আগামী ১৩ আগস্ট “B” ইউনিট এবং ২০ আগস্ট “C” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
