দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাকে ভিক্ষুকমুক্ত করে স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে দীঘিনালা সেনাজোন। এ উদ্যোগ বাস্তবায়ন করতে ভিক্ষুকদের ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সহযোগিতা করা হচ্ছে।
শনিবার তিনজন ভিক্ষুককে তাদের পছন্দ অনুযায়ী ব্যবসার পণ্যসামগ্রী ক্রয় করে দিয়ে সাথে নগদ টাকাও দেওয়া হয় ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসা শুরু করার জন্য। সুবিধাভোগী ভিক্ষুক তিনজন হলেন, ছোটমেরুং এলাকার জালাল আহমেদ (৫৫), থানাপাড়া এলাকার কুলসুম বিবি (৪৮) এবং একই এলাকার জয়নাব বেগম (৫০)। তাদের একজনকে দেওয়া হয়েছে কসমেটিক্স সামগ্রী, আকেজনকে মোদি দোকানের সামগ্রী এবং অপরজনকে সব্জি। এছাড়া তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য প্রত্যেককে নগদ ১০হাজার টাকা করে যোগান হিসেবে দেওয়া হয়েছে।
এক পা পঙ্গু জয়নাব বেগম জানান, স্বামী মারা গেছেন অনেক আগে। তিন সন্তানের কেউ তাঁকে দেখাশোনা করেননা। তাই তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা চালাতেন। এখন তিনি আর ভিক্ষাবৃত্তি না করে ব্যবসার মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করবেন। একই রকম অনুভূতি ব্যাক্ত করে কুলসুম বিবি এবং জালাল আহমেদ জানান, একেবারে নিরুপায় হয়েই তারা ভিক্ষা করতেন। এখন জোন হতে ব্যবসার জন্য সার্বিক সহযোগীতা পেয়ে তাঁরা অনেক খুশি এবং আর কখনো ভিক্ষা করবেন না।
ভিক্ষুক তিনজনের হাতে পণ্যসামগ্রী এবং নগদ টাকা তোলে দেন জোনের উপ-অধিনায়ক মেজর রেজওয়ানুজ্জামান খান। উপ-অধিনায়ক জানান, দীঘিনালা জোন অসহায় দরিদ্রদের বিভিন্নভাবে সহযোগীতা করে যাচ্ছে। আর এখন থেকে দীঘিনালা উপজেলাকে ভিক্ষুকমুক্ত করে স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে।
