সন্ত্রাসীদের হাত লম্বা নয়। দেশ ও জনগণের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করে বা করবে, তাদেরকে প্রতিহত করতে হবে। বিজিবি, সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য সব বাহিনী, জনপ্রতিনিধি, প্রশাসন-জনসাধারণ আমরা সবাই যার যার অবস্থান থেকে উন্নয়নের জন্য কাজ করবো। জনগণের ভাগ্যোন্নয়নে নেয়া সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে, দেশ ও জাতিকে এগিয়ে নিতে আমাদের সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পানছড়ি ৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মন্জুর সিদ্দিকী উন্নয়ন মেলার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মো. সোহেল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন, ভাইস চেয়ারম্যান রতœা তঞ্চঙ্গ্যা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়া।
এর আগে সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মাঠে শেষ হয়। ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসনের আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় ৪০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়াও উন্নয়ন মেলাকে ঘিরে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান’র আয়োজন করা হয়েছে।
