রাঙামাটির বিভিন্ন সরকারি অফিস ও ব্যাংকগুলো কোরবানি ঈদের পাঁচ দিন ছুটির পর কর্মকর্তা কর্মচারী অফিসে যোগ দিয়ে কর্মব্যস্ততা শুরু করেছেন।
ছুটির পর কর্মদিবসের প্রথম দিনেই বাড়ি থেকে ফিরা কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিগত শুক্রবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ বন্ধের পর প্রথম কর্মদিবসে অফিসগুলোতে খুব বেশি দর্শনার্থীদের ভিড় না থাকলেও ব্যাংকের গ্রাহক ছিল চোখে পড়ার মত। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান তেমনভাবে চালু না হলেও সরকারি অফিস ও ব্যাংকগুলোর উপস্থিতি উল্লেখ করার মত। অন্যদিকে শহরের সকল দোকান বা মার্কেটগুলো এখনো পুরোপুরি চালু হয়নি।
রাঙামাটির বাইরে যারা ঈদ পালন করতে গেছেন তারা আবার ফিরে কর্মস্থলে যোগ দেয়ায় প্রাণ ফিরেছে অফিসগুলোতে, রাঙামাটি জেলা শহরের বিভিন্ন সরকারি অফিস ও ব্যাংক ঘুরে দেখা যায়, অফিসগুলো খুব বেশি কর্মব্যস্ততা না থাকলেও নিজেদের মধ্যে কুশল বিনিময় করছেন। অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথেষ্ট উপস্থিতি ছিল। অনেকে ধারণা করছেন পুরোদমে অফিস চালু হবে রবিবার থেকে কেননা বুধবার একদিন অফিস খোলা থাকলেও বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অফিস বন্ধ থাকবে।
ব্যাংকে লেনদেন করতে আসা মোকাদ্দেম আলী বলেন, ঈদের ছুটি থাকায় অনেক কাজ জমা হয়ে আছে এবং লেনদেন করাও জরুরি তাই আজ খোলার দিন হওয়ায় লেনদেন করতে চলে আসছি।
আইএফআইসি ব্যাংক রাঙামাটি শাখার ব্যবস্থাপক শোয়েব রানা বলেন, আমাদের ব্যাংকে লেনদেন প্রথম দিনেই বেশ ভাল হচ্ছে। আমি অবশ্য চিন্তাও করিনি প্রথম দিনে এতো লেনদেন হবে। ছুটি শেষে প্রথম দিনে অনেক গ্রাহক আছে এবং লেনদেনও ভাল হচ্ছে।
