নিজস্ব প্রতিবেদক ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বলেই আজ সারাদেশে ক্ষুদে ব্যবসায়ীসহ অন্যান্য পেশার মানুষ ডিজিটাল পদ্ধতিতে ই-কমার্সের মাধ্যমে ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে। আজকে সমতল আর পাহাড়ের মাঝে ই-কমার্সের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে যে সেতুবন্ধন রচিত হয়েছে তা বর্তমান সরকারের বিরাট একটি সফলতা। বৃহস্পতিবার সকালে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হিলস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।
হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলন উপলক্ষে রাঙামাটিতে উদ্বোধনী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। হিল ই-কমার্স সোসাইটি এডমিন মনিরা পারভিন মনি পাহাড়ির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক।
হিলস সম্মেলনে সারাদেশ থেকে প্রায় শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আলোচনাসভা শুরুর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
