খাগড়াছড়িতে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যাকান্ডের প্রধান আসামি রাজু চাকমা গ্রেপ্তার হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ২টায় জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে সে গ্রেপ্তার করা হয়। ইতি চাকমা হত্যাকান্ড ছাড়াও রাজ চাকমা আরো ১২টি মামলার আসামি। তাকে বিকালে আদালতে হাজির করা হবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ জেলা শহরের স্টেডিয়াম এলাকায় জনৈক জয় চাকমার বাসায় অভিযান চালিয়ে রাজু চাকমাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, রাজু চাকমা এক সময় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের নেতা ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি রাতে জেলা সদরের আরামবাগ এলাকায় দুর্বৃত্তরা খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইতি চাকমাকে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে চট্টগ্রাম বিভাগের সিআইডি’র সহযোগিতা নেয় খাগড়াছড়ি জেলা পুলিশ।