রাঙামাটির কাউখালি থেকে গ্রেফতার স্কুল শিক্ষক তরুণ কান্তি চাকমাকে ইউপিডিএফ সদস্য হিসেবে উল্লেখ করে পুলিশের উদ্ধৃতি দিয়ে কিছু সংবাদ মাধ্যমে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছে ইউপিডিএফ। গণমাধ্যমে বুহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেছে সংগঠনটি।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা আরো বলেছেন, ‘কাউখালির পানছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুণ কান্তি চাকমার ইউপিডিএফের সদস্য হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ ইউপিডিএফের সদস্যপদ কোন সরকারী চাকুরিজীবীর জন্য উন্মুক্ত নয়।’
‘বিনা কারণে তরুণ কান্তি চাকমার মতো একজন নিরপরাধ সরকারী স্কুল শিক্ষককে গ্রেফতারের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতার চিত্রকে তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন এবং অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানান।’
ইউপিডিএফ এর প্রচার বিভাগের প্রধান নিরন চাকমার সাক্ষরে এই সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
