খাগড়াছড়ি প্রতিনিধি ॥
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, আল্লামা শফি‘র মৃত্যু নিয়ে মামলা সরকার করে নাই। যারা সংক্ষুব্ধ হয়েছেন তারাই মামলা করেছেন। যারা মামলা করেছেন; তা উঠিয়ে নেবেন কিনা তা তারাই জানেন। এখানে সরকারের কিছু করার নেই। তিনি বলেন, ‘আমরা মনে করি বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে।’
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়িসহ ৬ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। অন্য জেলাগুলো হলো- বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুর।
মৌলবাদী শক্তি কর্তৃক সারাদেশে ভাস্কর্য ভাঙচুর করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, ‘ভাস্কর্য পাহারার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়; বাগা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়েছে। আমরা মনে করি এগুলো বাংলাদেশের কৃষ্টি। বাংলাদেশের সম্পদ। এগুলো সুরক্ষার দায়িত্ব সবার। জনগণেরও এখানে দায়িত্ব রয়েছে।’
এর আগে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ে যাতে শান্তি ও শৃঙ্খলা অটুট থাকে সেই ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। আমরা রক্তপাত-অন্যায় চাই না। আশা করি পাহাড় আর অন্ধকারে থাকবে না। পার্বত্য চুক্তির কিছুটা অপূর্ণ আছে সেসব নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ির সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা-পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো: শহীদুজ্জামান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রমূখ।
