রাঙামাটিতে মঙ্গলবার রাতে ৬ যুবদল নেতাকে আটকের প্রতিবাদে বুধবার সকালে যুবদল ও ছাত্রদলের মিছিল শেষে আরো চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম,জেলা যুবদলের নেতা মো: সেলিম,২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: শাকিল,জেলা ছাত্রদলের সহসভাপতি আবু সাঈদ।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বিনানুমতিতে জেলা প্রশাসন চত্বরে সমাবেশ করার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করায় এদের আটক করা হয়েছে।
এদিকে বিকালে আদালতে হাজির করা হয়েছে যুবদলের গতরাতে আটক ৬ নেতাকে। তাদের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এর আগে গ্রেফতারের প্রতিবাদে শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকায় মিছিল ও সমাবেশ করে রাঙামাটি জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল,সাধারন সম্পাদক মো: ইলিয়াছ,সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন এসময় উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।
