‘ভালোবাস মোর গান আমায় নয়গো ভালোবাস মোর গান’, গান-নাচ-কবিতার মধ্য দিয়ে প্রেম আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের স্মরণে পালিত হল নজরুল উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলার একাডেমী মিলনায়নে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ রাঙামাটি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় নজরুল উৎসব। রঙামাটিতে কবি নজরুলের ভক্তরা উপস্থিত থেকে উপভোগ করেন এ উৎসব।
উৎসব অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিষদ রাঙামাটি জেলার সভাপতি জানে আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন কবি মো: ইসহাক, কবি ও শিক্ষক মঈন উদ্দিন, নজরুল সঙ্গীত পরিষদের সাধারণ সম্পাদক সুরেশ ত্রিপুরা, খেলাঘর আসর রঙামাটি জেলা শাখার সভাপতি সুনীল কান্তি দে।
সন্ধ্যায় নজরুল উৎসবে বিভিন্ন পর্যায়ে গান কবিতা নাচের ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সদস্যরা পরিবেশন করেন নাচ, গান ও কবিতা।
