নির্বাচনকে ঘিরে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দলগুলো অবৈধ কাজে সক্রিয় হতে পারে এবং নির্বাচনকে সুস্থভাবে সম্পন্ন করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং দেশের বিরুদ্ধে যে অপশক্তিগুলো কাজ করছে সে তথ্যগুলো জানানোর জন্য আনসার-ভিডিপি সদস্যদের মাঝে আহবান জানান নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ বাহালুল আলম, পিএসসি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্তমানে আঞ্চলিক দলগুলো অনেক চাপের মধ্যে রয়েছে, তাই আগের মত চাঁদাবাজি করতে পারছে না বলে তিনি মন্তব্য করেন। বুধবার নানিয়ারচরে আনসার-ভিডিপি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানিয়ারচর উপজেলা আনসার-ভিডিপি’র আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে রাঙামাটি সদর উপজেলার আনসার কর্মকর্তা মো. ফজলে রাব্বির পরিচালনায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আওয়াল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কোয়ালিটি চাকমা। এসময় স্বাগত বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা আনসারও ভিডিপি কর্মকর্তা অজিত চাকমা।