আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার
সাগর চক্রবর্তী কমল, মাটিরাঙ্গা
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের গুইমারা উপজেলা সংগঠক অংথোয়াই মারমা প্রকাশ আগুন (৫২) হত্যাকান্ডের জের ধরে গুইমারা উপজেলার বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে পাহাড়ের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর নেতাকর্মীরা। 
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুইমারার বাইল্যাছড়ি জোড়া ব্রিজের উপর মালবাহী ট্রাক আগুন দিয়েছে ইউপিডিএফের কর্মীরা। এসময় তাদের তান্ডবে জোড়া ব্রিজের দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে। এসময় খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর খাগড়াছড়ি-রামগড় আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশিদ।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট-ইউপিডিএফের গুইমারা উপজেলা সংগঠক অংথোয়াই মারমা প্রকাশ আগুন (৫২) নিহত হয়।
এই হত্যাকান্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাৎক্ষনিক গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে সংগঠনটি। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সেই বিবৃতিতে বলেন-‘ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় এ গণআন্দোলনকে ভেস্তে দিতে শাসকগোষ্ঠি ও তার বাহিনী ষড়যন্ত্র শুরু করেছে। যার কারণে তারা সন্ত্রাসী লেলিয়ে দিয়ে খুন-খারাবি করে সংঘাত উস্কে দেয়ার মরিয়া অপচেষ্টা চালাচ্ছে। তিনি সবাইকে শাসকগোষ্ঠির এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে অবিলম্বে অংথোই মারমা (আগুন)-এর হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসীদের মদদদান বন্ধ করার দাবি জানান।’
তবে এই বিবৃতিতে বিভিন্নস্থানে গাড়ীতে অগ্নিসংযোগ ও ভাংচুর সম্পর্কে কোন ভাষ্য দেননি তিনি।
