নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (৪ মার্চ) বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগের সুপার ফোরের তৃতীয় ম্যাচে আগামী সংঘ ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব জয়ের ধারা অব্যাহত রেখেছে।
এদিন সকালে রাঙামাটি মারী স্টেডিয়ামে টসে জিতে আগামী সংঘ ক্লাব ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়। শুরুতে ২ উইকেট হারিয়ে আগামী সংঘ বিপদে পড়ে। কিন্তু এরপর শাওন ও বেলালের ব্যাটিংয়ে আস্তে আস্তে বিপদ কাটিয়ে উঠে আগামী সংঘ। ৬৮ রানে তৃতীয় উইকেট পতনের পর হঠাৎ খেই হারিয়ে ফেলে আগামী সংঘ। রফিক স্মৃতির ২ স্পিনার লেমন ও সজিব মিয়ার দ্বৈত আক্রমনে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায় আগামী সংঘ। লেমন ৩টি ও সজিব ৪টি করে উইকেট নেন।
বিরতির পর ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রফিক স্মৃতি ২৩ রানের ভিতরে ৩ উইকেট হারিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক পর্যায়ে। সজিব মিয়া, জুয়েল ও তানভিরের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে রফিক স্মৃতি ক্লাব। ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রফিক স্মৃতি ক্লাব। সজিব মিয়া ৩১ রান ও ৪ উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
রফিক স্মৃতির চ্যাম্পিয়ান হওয়ার পথে একমাত্র বাঁধা রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি। আগামী ৮ মার্চ কনফিডেন্সের সঙ্গে ম্যাচে নির্ধারণ হবে এবারের লীগ শিরোপা কার কাছে যাবে।
