কেন্দ্র যখনই চাইবে তখনই সম্মেলন করার জন্য প্রস্তুত আছেন জানিয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেছেন, ‘ আমাদের জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে,তাই সম্মেলনের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। তবে জেলা সম্মেলনের আগেই পৌরসভা,উপজেলা ও ইউনিটগুলোর সম্মেলন শেষ করব এবং একই সাথে যেসব অঙ্গ ও সহযোগি সংগঠনের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদেরও সম্মেলন করব। আগামী আগষ্ট মাস থেকেই এসব সম্মেলন শুরু হবে বলে আশাবাদের কথা জানিয়েছেন ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী সাধারন সম্পাদক। তবে কেন্দ্র চাইলে এই সময়ের আগে বা পরেও সম্মেলন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় কোন নির্দেশনা পাননি বলেও জানিয়ছেন তিনি।
মুছা মাতব্বর জানিয়েছেন, ‘যেহেতু স্বেচ্ছাসেবকলীগ,যুব মহিলা লীগ সহ কয়েটি সহযোগি সংগঠনের সম্মেলন কিছুদিন আগেই হয়েছে ,তাই তাদের সম্মেলন হবেনা। তবে ছাত্রলীগ,যুবলীগসহ যাদের কমিটির মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে তাদের সম্মেলন হবে।’
২০১৪ সালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটি গঠিত হয়। সেই সম্মেলনে দীপংকর তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে পুননির্বাচিত হলেও সাধারন সম্পাদক ভোটে ভোটাভুটিতে তৎকালিন সাধারন সম্পাদক হাজী কামালউদ্দিনকে পরাজিত করে সাধারন সম্পাদক নির্বাচিত হন তৎকালিন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মুছা মাতব্বর। আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুসারে জেলা কমিটির মেয়াদ তিন বছর হলেও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের কারণে জেলা কমিটিগুলো ঠিকসময়ে সম্মেলন করতে পারেনি বলে জানিয়েছেন আওয়ামীলীগের জৈষ্ঠ নেতারা।
