সুপ্রীমকোর্টের আইনজীবী ও মুক্তমনা লেখক ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে খাগড়াছড়ির একটি মামলায় গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের ( ইউপিডিএফ) চার সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতি গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি সচিব চাকমা।
বিবৃতিতে নেতৃবৃন্দ ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতারের ঘটনাকে ‘সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থি’ আখ্যায়িত করে বলেন, ‘পাহাড়িদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং ন্যায় ও নিপীড়িতের পক্ষে কথা বলাই যেনো তার (ইমতিয়াজ মাহমুদ) অপরাধ! দেশে অরাজকতা এতটাই বেড়ে গেছে যে, খাগড়াছড়িতে একজন আইনজীবীও ইমতিয়াজ মাহমুদের পক্ষে মামলা পরিচালনা করার সাহস পাননি। তাহলে সাধারণ পাহাড়িদের কী অবস্থা? তা সহজেই অনুমেয়।’
বিবৃতিতে চার সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে ইমতিয়াজ মাহমুদের নিঃশর্ত মুক্তি ও সকল ‘কালাকানুন’ বাতিলের জোর দাবি জানান। (বিজ্ঞপ্তি)
