রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনী এলাকাবাসী স্বেচ্ছায় লোক চলাচল নিয়ন্ত্রনে কাজ করছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বহিরাগত কেউ যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এবং এলাকার কেউ যাতে অহেতুক বাইরে যেতে না পারে সেজন্যই এলাকার মুরব্বীরা এ উদ্যোগ নিয়েছেন।
হিলফুল ফুজুল ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি হাজী মোঃ আবদুস সালাম, সহ সভাপতি হাজী নুরুল কবির বাচা সওদাগর, সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন, শহীদ আবদুল আলী একাডেমির সাবেক প্রধান শিক্ষক কাজল কুমার সাহা, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ জামাল উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ বদিউল আলম, মোঃ ওসমান সওদাগর, রূপন দে প্রমুখ স্বেচ্ছায় পাহারা দিচ্ছেন। তাঁরা জানান, এলাকার ছেলেরা অহেতুক ঝটলা হয়ে গল্প-গুজব করে।
এছাড়াও এলাকার লোকজনের অহেতুক চলাফেরা রোধ করা এবং বহিরাগত লোকজনের এলাকায় প্রবেশ ঠেকাতে আমরা স্বেচ্ছায় দায়িত্ব পালন করছি। এতে করে এখন এলাকার ছেলেরা আর ঝটলা হতে পারছেনা এবং এলাকার লোকজনের চলাচলও সীমিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে পাহারা দিবেন বলে জানান তারা। এছাড়াও প্রতিদিন এলাকার লোকজনদের সচেতন করতে কাজ করছেন তারা।
