রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকা থেকে অবৈধভাবে গড়ে তোলা একটি স’মিল (করাত কল) বন্ধ করে সকল যন্ত্রপাতি জব্দ করেছে পাবলাখালী রেঞ্জের বন বিভাগের লোকজন।
বন বিভাগের সূত্র জানায়, উপজেলার গাঁথাছড়া গোধারাঘাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে স’মিল (করাত কল) বসিয়ে মূল্যবান জাতীয় কাঠ চিরাই করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবলাখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও মাইনীমুখ চেক স্টেশন অফিসার জিএম আলমগীর হোসেনের নেতৃত্বে বনবিভাগের অন্যান্য সদস্যদের নিয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে স’মিলের সকল যন্ত্রপাতি ও কাঠ জব্দ করা হয়। এসময় স’মিলের মালিকানা দাবিদার হিসেবে সেখানে কেউ উপস্থিত না থাকায় তার জন্য কাউকে আটক করা যায়নি।
আটককৃত স’মিলের যন্ত্রপাতি বনবিভাগের মাইনীমুখ চেক স্টেশনে রাখা হয়েছে। পাবলাখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জিএম আলমগীর হোসেন আরো জানান, বনবিভাগের আইনে অবৈধ স’মিল(করাতকল)স্থাপনা ও মূল্যবান জাতীয় কাঠ ধবংস করার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এই উপজেলায় অবৈধ স’মিল জব্দের জন্য বনবিভাগের উদ্যোগে অভিযান চলমান রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
