লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক আলমগীর হোসেন (৩৩) উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি (জামতলা) এলাকার শাহ আলমের ছেলে। সোমবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক বেলাল হোসেন বলেন, আলমগীর পেশায় একজন মোটরসাইকেল চালক। পাশাপাশি সে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করতো। সোমবার সকাল ১১টার সময় আমার বাড়ীতে (আদর্শগ্রাম) বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বসতঘরে সংযোগ দেয়ার জন্য কাজ করছিল। বিদ্যুতের খুঁটিতে উঠে তারে সংযোগ দেয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় আমি খুঁটির নিচে দাঁড়িয়ে থাকলেও বিদ্যুৎপৃষ্ট হওয়ার বিষয়টি বুঝতে পারিনি। এরপর আমিও তাকে সহযোগিতা করার জন্য মই বেয়ে খুঁটিতে উঠে তাকে ধরলে দুজনে নীচে পড়ে যাই। পরবর্তীতে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে এবং আলমগীরকে হাসপাতালে নিয়ে যায়।
কৃষক বেলাল হোসেন আরো জানান, তার কোনো বৈধ মিটার নাই। পরে মিটারের ব্যবস্থা করবেন। আপাতত গোপনে বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য বিদ্যুৎ বিভাগের কারো সাথে যোগাযোগ করেননি। বিষয়টি ন্যায়সঙ্গত হয়নি বলে তিনি স্মীকার করেছেন।
এদিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অরবিন্দ চাকমা জানান, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা মৃত ঘোষনার পর লাশটি পুলিশের জিম্মায় নিয়ে গেছে।
বিদ্যুৎ বিভাগের স্থানীয় লাইনম্যান জুয়েল চৌধুরী জানান, আমরা শুনেছি করল্যাছড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। তবে বিদ্যুতের সংযোগ দেয়ার জন্য আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি এবং প্রায় সময় তারা আমাদের অবগত না করেই অবৈধভাবে সংযোগের কাজ করে। আজকের বিষয়টিকে কেন্দ্র করে আমরাও খোঁজ খবর নিচ্ছি।
লংগদু বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আলমগীর হোসেন আমাদের বিভাগের সাথে জড়িত কেউ না। তারা সম্পূর্ণ অবৈধভাবে সংযোগ নিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিল। আমরা সবসময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কাজ করি। তবে লংগদু উপকেন্দ্রে জনবল কম থাকায় কাজ করতে খুব বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছন্ন করার ক্ষেত্রে আরো জোড় তৎপরতা চালাবো।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুজন হালদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
