নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ করেছে মাটিরাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (৪০বিজিবি)।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের অধীনস্থ অযোধ্যা বিওপির আওতাধীন তরুনীপাড়া এলাকার তেতুল গাছতলা নামক স্থান থেকে শাড়ি ও থ্রি-পিসগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অযোধ্যা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল রাজ্জাক এর নেতৃত্বে অভিযানে পরিচালনা করে বিজিবি। পরে তেতুল গাছতলা নামক এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা শাড়ি ও থ্রি-পিসগুলো রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে শাড়িগুলো জব্দ করে বিজিবি।
এরমধ্যে ৭২ পিস শাড়ি ও ২৯৭ পিস থ্রি-পিস রয়েছে। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ৩৮ হাজার টাকা।
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমেদ চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বলেন, উদ্বার হওয়া ভারতীয় শাড়ী সীতাকুণ্ড কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
