১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচারের দাবি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। সোমবার পাকুয়াখালী গণহত্যার ২৩ বছর উপলক্ষে রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনে সম-অধিকার আন্দোলনের নেতারা এই দাবি জানান। শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এতে উপস্থিত ছিলেন সম-অধিকার আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, অর্থ সম্পাদক মতিউর রহমান বিশ্বাস, প্রচার সম্পাদক মো. শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ২৩ বছর পরও পাকুয়াখালী গণহত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বলেন, পাহাড়ে যতদিন অবৈধ অস্ত্র থাকবে, ততদিন এখানে পাহাড়ি বাঙালি কেউ নিরাপদ নয়। পাহাড় থেকে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
