নিজস্ব প্রতিবেদক
লকডাউনে কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর রাঙামাটিতে খুলে দেওয়া হয়েছে দোকানপাট, শপিংমলসহ সব ধরনের মার্কেট। রবিবার সকাল থেকে দোকানিরা তাদের দোকানপাট খুলেন আবার বিকাল পাঁচটার পর বন্ধ করে দেয়া হয়। গণপরিবহন চালুর সিন্ধান্ত না এলেও দোকানপাট খোলার অজুহাতে শহরে বেড়েছে গণপরিবহনের সংখ্যা। অনেকটাই ভেঙ্গে পড়েছে লকডাউন।
মার্কেটগুলো ঘুরে দেখা যায়, ঈদ প্রস্তুতি শুরু করেছে বিক্রেতারা। তবে এখনও বেচা-বিক্রি তেমন শুরু হয়নি। প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় খুশি ব্যবসায়ীরা। বলছেন, এতে অন্তত কর্মচারীদের বেতন-ভাতা দেয়া সম্ভব হবে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সকাল ও বিকেলে জেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, মোবাইল কোর্ট যখন কাজ করবে অবশ্যই শপিংমল ও মার্কেটগুলোতে বিশেষ নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি সরকারি নির্দেশনা না মানেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে।
ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেনাকাটার জন্য মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এমন নির্দেশনা দিয়ে গত শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার থেকে সেটা কার্যকর হয়েছে।
