মৌলভীবাজার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল শেষ ম্যাচে কক্সবাজারের সাথে ৫ উইকেটে হেরে শূন্য হাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো। এর আগে রাঙামাটি কুমিল্লার সাথে ৮৭ ও হবিগঞ্জ জেলার সাথে ৬৬ রান করে উভয় ম্যাচে ৯ উইকেটে হেরেছিলো।
বুধবার সকালে টসে জয়লাভ করে কক্সবাজার রাঙামাটি অনুর্ধ্ব-১৬ দলকে ব্যাটিংয়ে পাঠায়। আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে রাঙামাটি এদিনও বের হতে পারেনি। মাত্র ১৬.৪ ওভারে রাঙামাটি জেলা দল মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায়। কক্সবাজারের বোলার ইবরাজ ও সেলিম উভয়ে ৩ উইকেট করে ভাগ করে নেন। রাঙামাটির মুসতাসিম আবসার সর্বোচ্চ ১৯ রান করেন দলের আর কেউ দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি।
বিরতির পর কক্সবাজার জেলা জয়ের জন্য ৫০ ওভারে ৫৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে ৫ উইকেটে জয় লাভ করে। কক্সবাজার জেলার ফাহাদ বিন মতিন সর্বোচ্চ অপরাজিত ২০ রান করে দলকে জয় এনে দেন। রাঙামাটির পক্ষে রিটন ত্রিপুরা ৪ উইকেট লাভ করেন।
রাঙামাটি দলের সাথে কোচ হিসেবে মহিতোষ দেওয়ান ও ম্যানেজার সাইফুল আলম রাশেদ রয়েছেন।
