হামলা-মামলা আর পুলিশের দাবড়ানিতে বিপর্যস্ত রাঙামাটি বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সরকারি দলের সত্যিকার এবং সাজানো মামলায় ঘরবাড়ি ছাড়া দলটির নেতাকর্মীরা রাতেও থাকতে পারছেন না নিজ বাসায়। সেখানেও অব্যাহতি পুলিশী তল্লাশি ও হয়রানিতে বিপন্ন নেতাকর্মীরা এখন ঘরহীন,রাত কাটাচ্ছেন আজ এখানে তো কাল ওখানে। এমন অবসস্থায় প্রচার কাজে অংশ নেয়া তো দূরের কথা,নির্বাচনের কোন কাজই করতে পারছেন না দলটির কর্মীরা। ফলে শহরের বেশিরভাগ সড়ক কিংবা গলি,কোথাও তেমন বেশি চোখে পড়ছেনা বিএনপির প্রার্থীর পোস্টার,ব্যানার। শুরুতে লাগানো পোস্টারগুলোই ঝুলছে ছেঁড়া,আধাছেঁড়া অবস্থায়। শহর কিংবা জেলাজুড়ে যেসব স্থানে অফিস করা হয়েছে,সেখানেও নেই নেতাকর্মীদের সরব উপস্থিতি। অফিস আর পোস্টারগুলোর মতোই বিবর্ণ,প্রাণহীন বিএনপি।
ইতোমধ্যেই রাঙামাটি শহরের কলেজগেইট,রিজার্ভবাজারে বিচ্ছিন্ন ঘটনায় একের পর এক মামলায় আসামী করা হয়েছে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে। সেইদিনের ঘটনায় রাঙামাটিতেই ছিলেন না,এমন অনেককেও আসামী করা হয়েছে বলে অভিযোগ বিএনপিরও। শুধু জেলা শহরই নয়,এই জেলায় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত লংগদু,কাউখালী,বাঘাইছড়িতেও একই চিত্র। মামলায় এলাকাছাড়া সেইসব উপজেলার বিএনপির নেতাকর্মীরা।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম জানিয়েছেন, একের পর এক সাজানো মামলায় আমাদের কয়েকশত নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া,পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের। এইভাবে নির্বাচন করা যায়না। লেভেল প্লেয়িং ফিল্ড এর নমুনা কি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবুও আমাদের কর্মীরা মাঠে থাকবে। ভোটচুরি রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাবে।’
বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীদের সাথে কথা বলে দেখা গেছে, হামলা মামলা হুমকির কারণে স্বাভাবিক কোন কাজকর্মই করতে পারছেন না তারা। বেশিরভাগেরই রাত কাটছে নিজের ঘরের বাইরে। ফলে নির্বাচনী কাজে খুব বেশি মনোযোগি হতে পারছে না তারা। তবে ভোটের দিন সব বাধা ডিঙ্গিয়ে মাঠে থাকতে চান তারা। ভোটের মাঠে তিল পরিমাণ ছাড় দিতে রাজি নয় তারা। জীবনবাজি রেখেই মাঠে থাকতে চান বিএনপির নেতাকর্মীরা।
রাঙামাটি জেলা বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, সরকারি দলের প্রচার প্রচারণার বিপরীতে বিএনপিও প্রচার প্রচারণা চালাতে পারতো। কিন্তু সরকারি দলের দমনপীড়নের বিপরীতে তারা প্রচার মিছিল করেননি। বরং নেতাকর্মীদের নীরবে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়ে ভোটের দিন মাঠে হাজির থাকার পরামর্শ দিয়েছেন। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, এমন ভয়াবহ জিঘাংসার বিপরীতে কৌশলী হওয়া ছাড়া আর কোন উপায় নেই আমাদের।
বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ান বলেছেন,আওয়ামীলীগের মতো আমরাও প্রচার মিছিল বা শোডাউন করতে পারতাম। কিন্তু যেভাবে মিথ্যা,ভিত্তিহীন এবং ভূয়া মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়িঘর ছাড়া করা হয়েছে,তখন কৌশলী হতে হয়েছে আমাদের। নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়, আমার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমার। বেঁচে থাকলে নির্বাচন করতে পারব। তিনি সরকারি দলের আগ্রাসী ভূমিকার কড়া সমালোচনা করে বলেছেন, এই ধরণের ফ্যাসিবাদি আচরণের মাধ্যমে তারা রাজনৈতিক সংস্কৃতিকেই ভুলুন্ঠিত করেছে।’ মনিস্বপন দাবি করেছেন, যদি ৩০ ডিসেম্বর এই দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তবে আওয়ামীলীগ ঠিকই টের পাবে,এই দেশের জনগণ তাদের কত অপছন্দ করে।’
