লংগদু উপজেলায় সৎ ছেলের দায়ের কোপে সৎ-মা, সৎ ভাই,ভাইয়ের স্ত্রীসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন রশিদা বেগম (৫০) আব্দুর রহমান (২৮) ও আমেনা বেগম(২৫)।আহতদের লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বগাচত্বর ইউনিয়নের সাহাদুর টিলা গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে শামসুল আলম(৫০) এ ঘটনা ঘটায়। এদিকে আহত সৎভাই আব্দুর রহমান বাদী হয়ে লংগদু থানায় শামসুল আলমের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠিয়েছে বলে জানা যায় ।
স্থানীয়সূত্রে জানা যায়,শুক্রবার ভোরে আলমের ঘরের পাশের নলকুপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে সে । ধারালো দায়ের আঘাতে রহিমা বেগমের মাথা কেটে যায় ,যেখানে ১৩ টি সেলাই দিতে হয়েছে। এবং আমেনা বেগমের হাতের একটি আঙ্গুল কেটে যায় ও আব্দুর রহমান পায়ে মারাত্মক যখম হয় ।
স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কমিটির সভাপতি আকবর হোসেন বলেন, আলমের যন্ত্রনায় গ্রামবাসী অতিষ্ঠ । গ্রামে এমন কোনো লোক নেই যে আলমের পক্ষে কথা বলবে । তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে যখন তখন মারামারিতে জড়িয়ে পরে। সেদিনের ঘটনাটিও অতি সামান্য ছিলো। আমরা তার কঠোর শাস্তি চাই।
এদিকে আলমের আপন বড় ভাই মোহাম্মদ আলী বলেন,আমার ছোট ভাই আলম মাদকাসক্ত ও সন্ত্রাসী ধরণের লোক । সে আমার বৃদ্ধ বাবাকেও মারধর করতো । আমরা তার উপযুক্ত বিচার চাই।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, এ ঘটনায় স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করা হয়েছিলো । তবে এলাকাবাসী আপোষ না করায় মামলা নেয়া হয়েছে । আমরা আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি ।
