নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সাইফুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা ও ঝর্না খীসা। ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যের ওপর মুল প্রবন্ধ পাঠ করেন মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা। শিক্ষক ও কবি মো. কামরুল হাছান রাজিবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি সাগর ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জাতি ও বই পড়ার বিকল্প নেই। স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনোমির জন্য বই পড়া বাধ্যতামূলক। এজন্য জনগণকে বই পড়া ও জ্ঞানার্জনের দিকে আরো বেশি মনোযোগি হতে হবে। পাড়া-মহল্লায় গ্রন্থাগার তৈরি করতে হবে। গ্রন্থাগার তৈরির পাশাপাশি নারী পুরুষ সকলকে পাঠ্যাভ্যাস তৈরি করতে হবে।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিগণ পুরস্কার তুলে দেন।
