রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের ডলুছড়ি গ্রাম থেকে মিতালী চাকমা (২৫) নামে নারীকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোররাতে কুতুকছড়ি বাজার থেকে সাড়ে চার কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডলুছড়ি এলাকার প্রসন্ন কুমার চাকমার (৪৫) বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রসন্ন কুমার চাকমা (৪৫), তাঁর স্ত্রী সুনন্তা চাকমা (৩৬) ও ছেলে সঞ্জীব চাকমাকে (২৩) আটক করা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি উদ্ধার ও আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আটককৃত বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
যৌথ বাহিনী সূত্র জানিয়েছে, গত দুইমাস আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এনএম লারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সোর্স মনে করে মিতালী চাকমাকে অপহরণ করে ওই এলাকার প্রসন্ন চাকমার বাড়িতে রাখে ইউপিডিএফ প্রসীত গ্রুপের লোকজন। দুই মাস ধরে প্রসন্ন চাকমার পরিবারের সাথেই কাটিয়েছে অপহৃত মেয়েটি।