বান্দরবান প্রতিনিধি
পর্যটকবাহী একটি বাস সাইড গিয়ে সেতুর সাথে ধাক্কা খেয়ে ওই বাসেরই হেলপার মো. মোজাফফর (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার রাতে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত মোজাফফর নওগাঁ জেলার শ্রীরামপুর উত্তর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রাজশাহীর মোহনপুর থেকে নবাবী এন্টারপ্রাইজের একটি বাসে পর্যটকদের একটি দল গত ২২ অক্টোবর যাত্রা শুরু করে। দেশের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণ করে সিলেট, খাগড়াছড়ি ঘুরে তারা রাঙামাটি থেকে বান্দরবানের উদ্দেশে রওনা দেন। এ সময় পথে বাঙ্গালহালিয়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ও একটি টেক্সিকে সাইড দিতে গিয়ে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের হেলপার এর দুই পা সেতুতে চাপা পড়ে কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মোজাফফরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
