কাউখালী প্রতিনিধি
রাঙামাটির কাউখালীর ঘাগড়া বাজার এলাকায় রাঙামাটিগামী লরির ধাক্কায় লিটন চাকমা (৮) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত লিটন ঘাগড়া আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ঘাগড়া টেক্সটাইল মিল কলোনী এলাকার সাধন প্রিয় চাকমার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল আটটার সাফজয়ী পাহাড়ের ৫ কন্যাকে বরণ করতে যখন ঘাগড়ায় সমবেত হয় সবাই ঠিক সে সময়ে চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী লরি (ঢাকা মেট্রে-শ-১৩-০৯৫৬) টি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাগড়া বাজার ব্রিজের পাশে সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় সাফজয়ী কন্যাদের দেখতে আসা রাঙামাটি টেক্সাটাইল মিল স্কুলের শিক্ষার্থী লিটনসহ ৪ জন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে রাঙামাটি ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত তিনটায় মারা যায় লিটন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, যেহেতু চট্টগ্রাম মেডিকেল মৃত্যু হয়েছে তাই পাঁচলাইশ থানা ময়নাতদন্তের কার্যক্রম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। নিহতের পিতা নিয়মিত মামলা করতে রাজি না হওয়ায় তাকে বাদী করে একটি ইউডি মামলা নেওয়া হয়েছে।
