নিজস্ব প্রতিবেদক
পাহাড়ে সঠিক ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে স্থানীয় প্রথাগত নেতৃত্ব হেডম্যান (মৌজাপ্রধান) ও কারবারিদের (গ্রামপ্রধান) সম্পৃক্ত রাখার আহবান জানিয়েছেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়।
মঙ্গলবার রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানিয়েছেন রাজা দেবাশীষ।
তিনি বলেন, সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহুবিধ উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ড বাস্তবায়ন করে থাকে। সরকারি নির্দেশনায় এসব কর্মকান্ড সঠিক বাস্তবায়নে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন কমিটি গঠনের কথা বলা আছে। এতে পাহাড়ের প্রথাগত নেতৃত্ব হেডম্যান ও কারবারিদের সম্পৃক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু পার্বত্য এলাকার বেশির ভাগ ইউনিয়নে এ ধরনের কমিটি ৩০ শতাংশ গঠিত হয় না। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী এসব কমিটি গঠিত হলে পাহাড়ের প্রতিটি গ্রামীণ এলাকায় সঠিক ও সুষম উন্নয়ন নিশ্চিত করা যেতা।
এদিন দুপুরে বন্দুকভাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি হীরা লাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অমর চাকমা, বিশেষ অতিথি হিসাবে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) রাঙামাটি জেলার কর্মকর্তা বিপ্লব চাকমা। আলোচনা সভা শেষে অতিথিদের সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
