সৈকত বাবু
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাঙামাটিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে গণঅনশন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমির সামনে গণঅনশন পালন করে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
গণঅনশনে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সভাপতি দীপন ঘোষ, সিনিয়র সহ সভাপতি ইন্দ্র লাল তালুকদার ও অরূপ মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমা, সহ সম্পাদক পঞ্চানন ভট্টচার্য ও কুশল চৌধুরী, সদর কমিটির সভাপতি ইন্টুমনি চাকমা, ছাত্র ও যুব ঐক্য পরিষদের আহ্বায়ক দেবাশীষ পালিত রাজাসহ সংগঠনের অন্যান্য নেতৃবন্দ। অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী।
অনশনে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখা, রাঙামাটি পূজা উদযাপন পরিষদ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আন্তর্জাতিক কৃষভাবনামৃত সংঘ(ইসকন), সনাতন যুব পরিষদ, রাঙামাটি পুরোহিত কল্যাণ পরিষদ, রাঙামাটি গীতা শিক্ষা সমন্বয় পরিষদ, শংকর মিশন, ভেদভেদী লোকনাথ যোগাশ্রম, তপোবন শ্রীগুরু সংঘ ও হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, একাত্তরের মৌলবাদি শক্তি এখনো দেশে বিদ্যমান রয়েছে। তারা সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিভিন্ন নামে হামলা করেছে। এসব অপশক্তির বিরুদ্ধে দেশের আপামর জনগণ জেগে না উঠলে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে।
গণঅনশন শেষে আন্দোলনকারীরা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেশিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
