‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো’ এই স্লোগান নিয়ে ১৩ দফা দাবি নিয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার ব্যানারে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২ঘন্টাব্যাপি এই কর্মসূচী পালিত হয়।
গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে রাঙামাটি জেলা শাখার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটির সভাপতি দীপেন ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমা, সাংগঠনিক সম্পাদক সমীরণ বড়–য়া রাঙামাটি পুরোহিত কল্যাণ সমিতির সহ-সভাপতি রনধীর চক্রবর্তী, রাঙামাটি গীতা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল সাহা প্রমুখ।
এ সময় কুমিল্লায় মুরাদনগরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঐ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের, ধর্ম অবমাননা কথিত দায়ে ছাত্রের ছাত্রত্ব বাতিল, সংখ্যালঘু ছাত্রদের বিরুদ্ধে প্রদত্ত শো-কোজ নোটিশ বাতিল, ৭২’র সংবিধান মৌল আদলে ফিরিয়ে আনা এবং সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধেরও দাবি জানানো হয়।
