স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক রেখে প্রথম আলো’র জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম’কে হয়রানি ও তথ্যচুরির অভিযোগে মামলার প্রতিবাদ এবং দোষী কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, ফাতেমা জান্নাত মুমু, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ প্রমুখ।
‘অনুমতি ছাড়া’ করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির খবর প্রচার করায় একজন সাংবাদিককে যারাই হেনস্ত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে দুর্নীতিবাজরা আরও দুর্নীতি করার সাহস পেয়ে যাবে। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে এই ধরনের কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ বলেন, দেশে এ করোনা মহামারীর সময়ে রোজিনা ইসলাম একের পর এক স্বাস্থ্য বিভাগের দুর্নীতির রিপোর্ট করে গেছেন। এতে করে রাষ্ট্রের উপকার হয়েছে। কিন্তু এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া নেয়নি সরকার। বিপরীতে ষড়যন্ত্র করে রোজিনাকে মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জনাই একই সাথে সহকর্মীর মুক্তির দাবি জানাচ্ছি।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়া দেশ আজ দুর্নীতিবাজদের দখলে চলে যাচ্ছে। এতে করে সরকারের উন্নয়ন কর্মকান্ড চরমভাবে ব্যহত হচ্ছে। দেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সাথে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।
মানববন্ধন থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত নিঃশর্তমুক্তি সহ এই ঘটনার সাথে জড়িত কর্মকর্তাদের অপসারণ সহ শাস্তির দাবী জানানো হয়।
