নিজস্ব প্রতিনিধি, বান্দরবান ॥
কোভিড সংক্রমণ রোধে বান্দরবানে জনসচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। রোববার সকালে বান্দরবান বাজারসহ আশেপাশের এলাকাগুলোতে পৌর শাখা আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, কোভিড মোকাবেলায় জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের একার পক্ষে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। দেশবাসীকে সচেতন হতে হবে, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোভিড মোকাবেলায় মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। মাস্ক শুধুমাত্র কোভিড নয়, ধূলাবালি এবং ময়লা দুর্গন্ধ থেকে ছড়ানো অনেক রোগ থেকেও রক্ষা করে। তাই নিজের প্রয়োজনেই আমাদের সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। মাস্ক ব্যবহারে অভ্যাস করতে হবে। আপনার মাস্ক ব্যবহার আপনার পরিবারকে সুরক্ষা দিবে।
